ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী মন্তব্যকারী দর্শককে চিহ্নিত করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ ছিল। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ও রেফারি তার সঙ্গে আলাপের পর আবার খেলা শুরু হয়। বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস মেজার ধরে রাখতে পারেননি। রবিবারের ম্যাচের শেষ দিকে ভ্যালেন্সিয়ার হুগো দুরোর সঙ্গে হাতাহাতি করে দেখেন লাল কার্ড। এ কারণে এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারতেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু সেই লাল কার্ড তুলে নেওয়া হয়েছে।
৬৯ মিনিটে বর্ণবাদী আচরণের অভিযোগে এক দর্শককে শনাক্ত করেন ভিনিসিয়ুস। দর্শকদের সতর্ক করে কিছুক্ষণ পর আবার খেলা শুরু হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবার ম্যাচে উত্তেজনা ছড়ায়। ভিএআরে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সহিংস আচরণের কারণে দোষী সাব্যস্ত করে লাল কার্ড দেওয়া হয় রিয়ালের উইঙ্গারকে। তবে মাদ্রিদ ক্লাবের অভিযোগের প্রেক্ষিতে ধরা পড়ে, দুরোই আগে ভিনিসিয়ুসের ঘাড় ধরে ধাক্কা দেন। ওই অংশটি ভিএআরে দেখানো হয়নি। পরে ভিডিও রেফারিকে বরখাস্ত করা হয়।
এই ঘটনায় লা লিগা সমালোচিত হওয়ার পর এবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) হস্তক্ষেপ করলো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে যে লাল কার্ড দেখেছেন ভিনিসিয়ুস তা বাতিল করা হয়েছে। তাতে করে মৌসুমের শেষ তিন ম্যাচে তার খেলতে কোনও বাধা নেই। বুধবার রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
একই সঙ্গে স্টেডিয়ামের যেখান থেকে তাকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে সেই মারিও কেম্পেস স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানাও করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি।
এর আগে ভিনিসিয়ুসকে মন্তব্য করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।