২০২১ সালে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করা জিনেদিন জিদানকে আর ডাগআউটে দেখা যায়নি। তবে চলতি মৌসুমে বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন, এর মধ্যে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর। তারা ১৫ কোটি ইউরোতে দুই বছরের চুক্তি করতে চেয়েছিল ফরাসি লিজেন্ডের সঙ্গে। কিন্তু তা ফিরিয়ে দেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের অধিনায়ক।
রিয়ালে দুই মেয়াদে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগসহ ১১টি শিরোপা জেতা জিদানকে নিয়ে এই মৌসুমে একাধিক গুঞ্জন উঠেছিল। দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি নবায়নের আগে ফ্রান্সের জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানোর দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। চেলসি ও পিএসজির আগ্রহের কথাও শোনা গেছে।
সবশেষ ফুটবলে দলবদল নিয়ে নির্ভরযোগ্য ফরাসি গণমাধ্যম ফুটমেরকাতো এক প্রতিবেদনে জানিয়েছে, রুডি গার্সিয়া চলে যাওয়ার পর সৌদি ক্লাব প্রস্তাব দিয়েছিল তাকে। চুক্তির মূল্য ছিল ১৫ কোটি ইউরো। আর দলটিতে আছেন তার এক সময়ের শিষ্য রোনালদো।
কিন্তু আল নাসরকে ফিরিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি জিদান। কারণ ইউরোপের বাইরে যেতে চান না তিনি। ইউরোপিয়ান পাঁচ শীর্ষ লিগের বড় কোনও ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা তার। এখন দেখার অপেক্ষা, নিকট ভবিষ্যতে তার চাওয়া পূরণ হয় কি না!