২০২২ বিশ্বকাপে লিওনেল মেসি বার বার বলেছিলেন, এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। ২০২৩ সালে এসেও নিজের সিদ্ধান্তে অটল আছেন তিনি। মঙ্গলবার কাতার বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন বলেছেন, ২০২৬ বিশ্বকাপ খেলার কোনও পরিকল্পনা তার নেই।
বর্তমানে প্রীতি ম্যাচ খেলতে চীনে অবস্থান করছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে চীনের স্পোর্টস আউটলেট টাইটান স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মনে হয় না খেলবো (বিশ্বকাপ)। কাতার বিশ্বকাপই ছিল আমার শেষ। তবে দেখবো সবকিছু কেমন যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আগামী বিশ্বকাপ খেলার কোনও চিন্তা আমার নেই।’
৩৫ বছর বয়সী মেসি কাতার বিশ্বকাপ মিলে পাঁচটি বৈশ্বিক আসরে অংশ নিয়েছেন। মেসি তখনই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে কাতারের কথা বলেছিলেন। তবে তার দল ও কোচ লিওনেল স্ক্যালোনি আশা প্রকাশ করেছেন যে, সাতবারের ব্যালন ডি’অর জয়ী হয়তো তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। খেলবেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে।
চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ বৃহস্পতিবার। চার দিন পর বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসির খবর, মেসি হয়তো দ্বিতীয় এই ম্যাচে খেলবে না।