লা লিগা অভিষেকে বেলিংহামের গোল 

রিয়াল মাদ্রিদের হয়ে খেলা হলেও জুড বেলিংহামের প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়েছে গতকাল। লা লিগা অভিষেকে গোল করে স্মরণীয় মুহূর্তের জন্মও দিয়েছেন তাতে। ২০০৭ সালে ডেভিড বেকহ্যামের পর রিয়ালে প্রতিযোগিতামূলক ফুটবলে গোল করা প্রথম ইংলিশ ফুটবলার তিনি! তার করা গোলের পর অ্যাথলেতিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 

লিগের উদ্বোধনী ম্যাচে ২৮ মিনিটে কাছের জালে প্রথম গোলটি করেছেন রদ্রিগো। ৩৬ মিনিটে দুর্দান্ত গোলটি করে ব্যবধান বাড়িয়ে নেন বেলিংহাম। 

৮৮.৫ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে আসার পর প্রাক মৌসুমের চারটি ম্যাচে খেলেছেন বেলিংহাম। গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচটিতেও। ২০০৩ সালে ডেভিড বেকহ্যামও লিগ অভিষেকে রিয়ালের হয়ে গোল পেয়েছিলেন। 

ফলে সব মিলিয়ে গতবার রানার্স আপ মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ছিলেন বেলিংহামের প্রশংসায় পঞ্চমুখ, ‘ও চমৎকার একটা ছেলে। দেখার মতো ফুটবলের সঙ্গে রয়েছে কোয়ালিটিও। তার সঙ্গে আবার কঠোর পরিশ্রমী।’