মৌসুমের প্রথম এল ক্লাসিকো হলো উত্তেজনায় ভরা। বার্সেলোনার মাঠে শেষ মুহূর্তে গোল করে জয়ের উল্লাসে মেতে উঠলো রিয়াল মাদ্রিদ। তারা পিছিয়ে পড়লেও জুড বেলিংহ্যাম জোড়া গোল করে দলকে জেতালেন। শনিবার লা লিগায় ২-১ গোলে জিতলো মাদ্রিদ ক্লাভ।
এই মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়া ইকে গুন্ডোগান কিক অফের ছয় মিনিট যেতেই গোল করেন। রিয়ালের বিপক্ষে জাল কাঁপিয়ে অনন্য এক কীর্তি গড়েন এই জার্মান মিডফিল্ডার। ডার ক্লাসিকার, ম্যানচেস্টার ডার্বি ও এল ক্লাসিকো- সবগুলোতেই গোলের দেখা পেলেন তিনি।
তাছাড়া এল ক্লাসিকোতে ২০১৪ সালের পর দ্রুততম গোল করলেন গুন্ডোগান। ৯ বছর আগে মাত্র তিন মিনিট ২ সেকেন্ডে রিয়ালের জাল কাঁপান নেইমার।
গুন্ডোগানের কীর্তি গড়া গোল বিফলে যায়। ৬৮ মিনিটে জুড বেলিংহ্যাম রিয়ালকে সমতায় ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্টে ইংলিশ মিডফিল্ডার দ্বিতীয় ও জয়সূচক গোল করেন। গোল শোধে মরিয়া ছিল বার্সা। ওরিওল রোমেউ, রাফিনহা ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে ব্লক করে দিয়ে ব্যবধান ধরে রাখে রিয়ালের রক্ষণভাগ।
২০ বছর বয়সী বেলিংহ্যাম এই মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন। আর রিয়ালের হয়ে ১৩ ম্যাচে ১৩ গোল, মাত্র তিনটি ম্যাচে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।
১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো রিয়াল। সমান খেলে ২৫ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। জিরোনাও রিয়ালের সমান ২৮ পয়েন্ট পেলেও গোলব্যবধানে দ্বিতীয় স্থানে।