মোহামেডানকে সেমিতে তুললেন এক উজবেক

ম্যাচের প্রায় পুরো সময়জুড়ে ছিল মোহামেডানের আধিপত্য। তার পরেও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কোনওভাবে গোল আসছিল না। অমীমাংসিত থাকে ৯০ মিনিটের খেলা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে এসে ভাগ্য খুলে যায় মোহামেডানের। উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভের দারুণ এক গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

সাদা-কালোদের আগে আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ সেমিফাইনাল নিশ্চিত করেছে। ১৫ ডিসেম্বর হবে প্রথম সেমিফাইনাল। মোহামেডান ফাইনালে ওঠার লড়াইয়ে রহমতগঞ্জের বিপক্ষে খেলবে।

মঙ্গলবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ৯০ মিনিট দাপট দেখিয়েছে মোহামেডান। দিয়াবাতে-আরিফরা সুযোগ পেয়েও জাল কাঁপাতে পারেননি। 

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ভাগ্য খুলে মোহামেডানের। ৯৭ মিনিটে মোহামেডান ডেডলক ভাঙে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে বুলেট গতির শটে মোজাফফরভ জাল কাঁপান। চট্টগ্রাম আবাহনী গোলকিপার আশরাফুল ইসলাম রানা বলের লাইনে ঝাঁপিয়েও দলকে গোল হজম থেকে রক্ষা করতে পারেননি। 

বাকি সময়টুকু এই স্কোরলাইন রেখে মোহামেডান সেমিফাইনাল নিশ্চিত করেছে। চট্টগ্রাম আবাহনী রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করেও সফল হতে পারেনি। হতাশ হয়ে মাঠ ছেড়েছে।