শুরুর ধাক্কা সামলে জিতেছে লিভারপুল  

এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার অন্যতম মোহাম্মদ সালাহ। তাকে ছাড়া লিগ কাপে ফুলহ্যামের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেতে বসেছিল লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালের প্রথম লেগ ২-১ গোলে জিতে এগিয়ে গেছে ক্লপের দল। 

সালাহ আফ্রিকা কাপ অব নেশন্সে মিশরের হয়ে খেলছেন। ফলে তাকে ছাড়া লিভারপুলকে খেলতে হয়েছে। চোটের কারণে নেই ট্রেন্ট আলেক্সান্ডার আর্নোল্ডও। তার পরেও বল দখলের লড়াইয়ে স্বাগতিকরা এগিয়েছিল। কিন্তু অ্যানফিল্ডে ১৯ মিনিটে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেয় ফুলহ্যাম। উইলিয়ানের গোলে এগিয়ে যায় তারা। এই গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে পরাজয়ের শঙ্কাতেও পড়ে যায় তারা। ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগে এই ব্রাজিলিয়ান জাল কাঁপাতে পেরেছেন। 

শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে কপাল খুলে লিভারপুলের। সেজন্য ভাগ্যও পাশে ছিল বলতে হবে। ফুলহ্যামের ব্যাকলাইন ছিল সংগঠিত। সেখানে জোন্সের শট ২৫ গজ দূর থেকে জালে জড়ায় ফুলহ্যামের তসিন আদারাবাইওর গায়ে লেগে। তিন মিনিট পর ব্যবধান বাড়িয়ে নিতে অবদান রাখেন গাকপো। ডারউইন নুনেজের ক্রসে থেকে কাছের জালে বল পাঠান তিনি। লিগ কাপে চারটি ম্যাচেই গোল করেছেন গাকপো। 

বলের দখলে থাকা লিভারপুল শট নিয়েছিল ২১টি। বিপরীতে ফুলহ্যাম ৬টি। সেখানে দ্বিতীয়ার্ধে গাকপো, নুনেজই মূলত পার্থক্য গড়ে দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে গত ডিসেম্বরেও অ্যানফিল্ডে লিভারপুলের কঠিন পরীক্ষা নিয়েছিল ফুলহ্যাম। খেলা শেষের দশ মিনিট আগ পর্যন্ত তারা ৩-২ গোলে এগিয়ে ছিল। পরে ম্যাচটা ফুলহ্যাম হেরে যায় ৪-৩ গোলে।       

সেমিফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।