কোপা দেল রে

কোয়ার্টার ফাইনালে বিলবাওকে পেলো বার্সা

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হবে বার্সেলোনা। শুক্রবারের ড্রয়ের পর এই প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে সেভিয়ার বিপক্ষে।

বৃহস্পতিবার তৃতীয় স্তরের ক্লাব ইউনিয়নিস্তাস দে সালমানকার বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জেতে বার্সা। গত রবিবার স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হারের পর ঘুরে দাঁড়ালো তারা।

২৩ বারের কোপা চ্যাম্পিয়ন বিলবাও ২-০ গোলে আলাভেসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

অ্যাটলেটিকো বৃহস্পতিবার মেত্রোপলিতানোতে অতিরিক্ত সময়ের গোলে ৪-২ এ রিয়ালকে বিদায় করেছে। সেভিয়াকেও তারা স্বাগত জানাবে ঘরের মাঠে।

লা লিগার এবারের চমক জিরোনা খেলবে মায়োর্কার মাঠে, যারা এই মৌসুমের কোপায় কোনও গোল হজম করেনি। তিনবারের ফাইনালিস্ট সেল্টা ভিগো প্রথম শিরোপার মিশনে রিয়াল সোসিয়েদাদকে স্বাগত জানাবে।

কোয়ার্টার ফাইনাল হবে এক লেগের, ম্যাচ হবে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি।