গত গ্রীষ্মেই সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে করিম বেনজেমা যোগ দিয়েছেন। নিজেকে এখনও সেভাবে মানিয়ে নিতে পারেননি। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় আবার ইউরোপে ফিরতে চাইছেন বলে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি নাকি তাকে ফেরানোর ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধও করেছেন! আনচেলত্তি অবশ্য উড়িয়ে দিয়েছেন সেসব খবর। তিনি বলেছেন, বেনজেমাকে ফেরাতে কোনও অনুরোধ করেননি তিনি।
বেনজেমা বার্নাব্যুতে সাফল্যময় ১৪টি বছর কাটিয়েছেন। ফলে ক্লাবটির সঙ্গে তার একটা যোগসূত্র আছে বলে মনে করছেন অনেকে। কিন্তু আনচেলত্তি শুক্রবার বলেছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। তার বিষয়ে ক্লাবের সঙ্গে কোনও আলোচনা করিনি।’
এসময় আরও নানা অভিযোগ নিয়েও মন্তব্য করেছেন লস ব্লাঙ্কোসদের কোচ। সম্প্রতি বার্সেলোনা হোয়ান লাপোর্তা অভিযোগ করেছেন, লা লিগা দুর্নীতিগ্রস্ত এবং রেফারিদের বিশেষ অনুগ্রহ পেয়ে থাকে রিয়াল মাদ্রিদ।
এমন অভিযোগের কারণ বার্নাব্যুতে আলেমেরিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচ। ৩-২ গোলে জেতা ম্যাচটায় রিয়াল মাদ্রিদ তিনবার ভার রিভিউয়ের মাধ্যমে সুবিধা পেয়েছে। যার দুটিতে গোল পায় রিয়াল। আরেকটিতে গোল হারায় আলমেরিয়া। এসব বিতর্ক নিয়ে আনচেলত্তির মন্তব্য, ‘আমি এসব বিতর্ক নিয়ে কোনও কথা বলতে চাই না। এই সপ্তাহে অনেক কিছু বলা হয়েছে। লা লিগা মোটেও দুর্নীতিগ্রস্ত নয়।’