ভারতীয় নারী ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের প্রথম নারী বিদেশি ফুটবলার বাংলাদেশের সানজিদা আক্তার। সোমবার সাবিনাদের কিকস্টার্টের বিপক্ষে প্রথম গোলের দেখা পেয়েছেন। দল হেরেছে যদিও। কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে তার করা একমাত্র গোলটি নিয়ে চলছে আলোচনা।
সোমবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মাঠে প্রায় ৩৫ গজ দূর থেকে সানজিদা ফ্রি কিকে যেভাবে জাল কাঁপিয়েছেন, এমন গোল সাধারণত ইউরোপে হরহামেশা দেখা যায়। কিন্তু উপমহাদেশে নারীদের ফুটবলে সেটা নিয়মিত দেখা যায় না। ফলে ময়মনসিংহ থেকে উঠে আসা ফুটবলারের গোলটি নিয়ে প্রশংসা কম হচ্ছে না।
সানজিদা গোল করলেও জিতেছে সাবিনার দল কিকস্টার্ট ৩-১ গোলে জিতেছে।
কলকাতায় খেলতে এসে ম্যাচের প্রথম মিনিটেই গোল করেছে সাবিনার দল। কর্ণার থেকে অরুনা হেড করে লিড এনে দেন। ৩১ মিনিটে কিক স্টার্ট ব্যবধান দ্বিগুণ করে।
২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দেয় ইস্ট বেঙ্গল। ৪৭ মিনিটে ইস্ট বেঙ্গলের প্রথম নারী বিদেশি খেলোয়াড় সানজিদা আক্তার প্রায় ৩৫ গজ দূর থেকে ফ্রি কিকে দুর্দান্ত গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন। গোলকিপার জায়গায় দাঁড়িয়ে লাফিয়েও বল স্পর্শ করতে পারেননি।
সানজিদার গোলের পর ধারাভাষ্যকাররাও বেশ প্রশংসা করেছেন। ম্যাচ শেষে সানজিদা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘‘আমার দেওয়া গোলটি কেমন হয়েছে তা আপনারা ভালো বলতে পারবেন। তবে ম্যাচশেষে কোচ ও সতীর্থদের পাশাপাশি সবাই বলেছে, ‘দারুণ গোল করেছো সানজিদা, গোলটি বিশ্বমানের হয়েছে!’ এমন প্রশংসা শুনে নিজের কাছেই ভালো লাগছে। তবে দল জিততে পারলে ভালো লাগতো।’’
সানজিদা চাইছেন প্রথমবার খেলেই সেখানে স্মরণীয় হয়ে থাকতে। তিনি আরও বলেছেন, ‘আমি প্রথমবার এখানে খেলতে এসেছি। দ্বিতীয় ম্যাচ খেলে গোল পেলাম। সামনের দিকে আরও ভালো খেলতে চাই।’
সাবিনার সঙ্গে ম্যাচশেষে কথা হয়েছে সানজিদার। সানজিদা নিজেই বললেন, ‘সাবিনা আপু সবসময় আমাকে উৎসাহ দেন। আজও দিয়েছেন।’