ম্যাচ শুরুর ২৬ সেকেন্ডে গোল করে সেমিফাইনালে উঠার ইঙ্গিত দিয়ে রেখেছিল শেখ রাসেল। প্রতিপক্ষ মোহামেডান চেষ্টা করেও সমতায় ফিরতে পারছিল না। তবে শেষ দিকে এসে তাদের ভাগ্য খুলে গেছে। ৭০ মিনিটে সমতাসূচক গোল করে মোহামেডান। আর শেষ মুহূর্তে বদলি জাফর ইকবালের দারুণ এক লক্ষ্যভেদে সাদা-কালোরা ফেডারেশন কাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনালে আলফাজ আহমেদের দল ২-১ গোলে শেখ রাসেলকে হারিয়েছে।
মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ২৬ সেকেন্ডে মনিরের ক্রস থেকে সেকু সিল্লাহর হেডে এগিয়ে যায় শেখ রাসেল। ডিফেন্ডার মেহেদী মিঠু ঠিকমতো গিনির স্ট্রাইকারকে মার্কিং করতে পারেননি।
এক গোলে পিছিয়ে থেকে মোহামেডান ম্যাচে ফিরতে চেষ্টা কম করেনি। কিন্তু কিছুতেই রাসেলের জাল কাঁপানো যাচ্ছিলো না। ৫ মিনিটে আরিফের কাটব্যাকে ৬ গজ দূরত্বে সানডের শট গোলকিপার মিতুলের গায়ে লেগে প্রতিহত হয়েছে।
২৩ মিনিটে সানডের কাটব্যাকে দিয়াবাতের ৬ গজের বাইরে থেকে নেওয়া শট মিতুল কর্নারে বিনিময়ে রক্ষা করেন।
৩৬ মিনিটে ডিফেন্ডার শাহিন মিয়াকে কাটিয়ে আরিফ বক্সে ঢুকে শট নিলেও অল্পের জন্য তা বাইরে দিয়ে যায়।
বিরতির পরও চেষ্টা কম হয়নি। অবশেষে ৭০ মিনিটে সমতায় ফেরে মোহামেডান। বক্সের ভেতর থেকে দিয়াবাতের জন্য শট নেওয়া কঠিন ছিল। মালির এই স্ট্রাইকার তাই বল দেন বক্সের বাইরে থাকা মোজাফ্ফরভের উদ্দেশে। উজবেকিস্তানের এই মিডফিল্ডারের বুলেট গতির শট মিতুলের প্রতিরোধের দেয়াল গুঁড়িয়ে জড়ায় জালে।
ম্যাচটি যখন অতিরিক্তি সময়ের দিকে যাচ্ছিল ঠিক তখনই জাফর ইকবাল চমক দেখান।
বদলি নেমে যোগ করা সময়ের প্রথম মিনিটে জাফর ইকবালের শট এক ডিফেন্ডার প্রতিহত করেন। ফিরতি বল পেয়ে জায়গা করে নিয়ে মিতুলকে কাটিয়ে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। তাতেই উল্লাসে মেতেছে সাদা-কালো সমর্থকরা।