দোরিয়েলতনের জোড়ায় মোহামেডানকে হারিয়ে কিংসের পঞ্চম শিরোপা

ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতনের জোড়া গোলে বসুন্ধরা কিংস যখন শিরোপা সুবাস পাচ্ছিল, ঠিক সেসময় মোহামেডান গর্জে ওঠে। মিনহাজ রাকিবের গোলে দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখার আভাস দেয়। কিন্তু ওই পর্যন্তই। সাদা-কালোর আক্রমণের ঢেউ কিংসের সবকিছু ভাসিয়ে নিতে পারেনি। শেষ পর্যন্ত ভাগ্য কিংসের পক্ষেই ছিল। তিন ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে কিংস নিজেদের পঞ্চম শিরোপার জয় উৎসব করেছে।

কিংস ১৪ ম্যাচে ১৩ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকলো। তাদের ধারেকাছে কেউ নেই। মোহামেডান সমান ম্যাচে প্রথম হারে আগের ২৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে কিংস আধিপত্য দেখায়। তিন ব্রাজিলিয়ান মিলে সাদা-কালোদের রক্ষণ ভেদ করতে থাকে। দুটি ভালো সুযোগ নষ্ট করার পর অবশেষে অস্কার ব্রুজনের মুখে হাসি।

৫ মিনিটে রিমনের ক্রসে বক্সে ডিফেন্ডারদের ফাঁক গলে বেরিয়ে গেলেও বলের নাগাল পাননি দোরিয়েলতন। ১৩ মিনিটে রবিনিয়োর পাসে বক্সে ঢুকে ব্রাজিলিয়ানের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

৫ মিনিট পর এগিয়ে যায় কিংস। শেখ মোরসালিনের ছোট পাস ধরে মিগেল দামাশেনো বল বাড়ান বক্সে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।

একটু পরই মোজাফফরভের দূরপাল্লার ফ্রি কিক উড়ে যায় কিংসের ক্রসবারের ওপর দিয়ে।

বিপরীতে প্রতি আক্রমণ নির্ভর খেলতে থাকা মোহামেডান বিরতির কয়েক মিনিট আগে বলার মতো সুযোগ পায়। মোজাফফরভের বুলেট গতির শট বাঁক খেয়ে পোস্টে ঢোকার আগেই গোলকিপার শ্রাবণ ফিস্ট করে ফিরিয়ে দলকে ভালোভাবেই ম্যাচে রাখেন।

ড্রেসিংরুম থেকে ঘুরে এসে ৫২ মিনিটে কিংস ব্যবধান বাড়ায়। মোরসালিনের কর্নারে দোরিয়েলতন ফাঁকায় লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান।

৬০ মিনিটে রবিনিয়োর ফ্রি কিক সুজন হোসেন ডান দিকে ঘেষে ফিস্ট করে ফেরান। ঠিক এরপরই মোহামেডান জ্বলে ওঠে। ১৫ মিনিটের মতো ঝড় বইয়ে দেয়।

৬৬ মিনিটে মোহামেডান এক গোল শোধ দেয়। শাহরিয়ার ইমনের পাসে বক্সের ভেতরে মিনহাজ রাকিব একটু ফাঁকায় পেয়ে বোবুরবেক পা বাড়ানোর আগেই গোলকিপারের পাশ দিয়ে দারুণ নিশানা ভেদ করেন।

৭০ মিনিটে দিয়াবাতের পাসে শাহরিয়ার ইমনের প্লেসিং শ্রাবণ পা বাড়িয়ে কোনোমতে ব্যবধান বাড়তে দেননি।

৮০ মিনিটে আরিফের জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। আর শেষ দিকে সানডের শট শ্রাবণ প্রতিহত করে দলের ট্রফি নিশ্চিত করেন।

প্রথম পর্বে মোহামেডান জিতলেও আজ আতঙ্ক ছড়িয়েও শেষ রক্ষা হয়নি। কিংসের রেকর্ড পঞ্চম শিরোপা উল্লাস দেখতে হয়েছে আলফাজ আহমেদের দলকে।

দিনের অন্য দুটি ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসির সঙ্গে। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালও জিততে পারেনি, ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।