ইউরো মিশনে আজ স্পেনের সামনে ক্রোয়েশিয়া, নামছে ইতালিও  

ক্রোয়েশিয়ার সোনালী প্রজন্মের প্রতিনিধি লুকা মদরিচ। প্রায় দুই দশক দলটির প্রতিনিধিত্ব করলেও এখনও আন্তর্জাতিক কোনও ট্রফির দেখা পাননি। ২০১৮ বিশ্বকাপে ফাইনাল ছিল সর্বোচ্চ অর্জন। ইউরোপের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরোতে সেই অতৃপ্তি ঘোচানোর লক্ষ্যে আজ শনিবার মাঠে নামছে তার দল। প্রতিপক্ষ আরেক জায়ান্ট স্পেন। ম্যাচটা শুরু হবে রাত ১০টায়। 

দ্বিতীয় দিন স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচটা জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে। ইউরোতে চতুর্থবার মুখোমুখি হচ্ছে তারা। সেই ম্যাচে নিজের সেরাটা দিতে মুখিয়ে মদরিচ। রিয়াল মাদ্রিদে যেভাবে অবদান রেখে চলেছেন, নিজের দেশকেও একই উঁচুতে তুলে ধরতে চাইছেন অভিজ্ঞ মিডফিল্ডার, ‘বেশ কয়েকবার তাদের মুখোমুখি হয়েছি। তাই বিস্তারিত ভালো করেই জানি। যেটা ভাগ্য নির্ধারণে সহায়তা করবে। প্রতিটি মুহূর্তেই নিজেদের সেরাটা মেলে ধরতে হবে। আর আমরা বড় ম্যাচ খেলতে কখনও বিরক্ত হই না।’

ওপেনিং ম্যাচে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দেবেন ৩৮ বছর বয়সী মদরিচ। খুব সম্ভব ইউরো হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্ট। এই আসরে ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্টরা ফেভারিট না হলেও তাদের ডার্ক হর্স ভাবা হচ্ছে। সেটা অবশ্য মদরিচকে মোটেও সমস্যায় ফেলছে না, ‘আমাদের ডার্ক হর্স ভাবা হলেও সেটাতে সমস্যা নেই। কিছু মনে করি না। অনেক বছর পর আমি এখানে এসেছি। এবং এখানে থাকতে পেরে ভীষণ আনন্দিত।’

প্রতিপক্ষ স্পেন টুর্নামেন্টের তিনবারের বিজয়ী। ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালের পর চতুর্থ শিরোপা জয়ের খোঁজে নামছে। দলটির কোচ লুইস ডি লা ফুয়েন্তে ভালো করেই জানেন সেজন্য পথটা মসৃণ নয়, ‘আমি এটা নিশ্চিত শিরোপার জন্য আমাদের লড়াই করতে হবে। এটাও মাথায় রাখতে হবে বিজয়ী হবে একটি দল। আর অনেক ভালো দল আছে যারা এই ট্রফি জয়ের যোগ্য।’

ক্রোয়েশিয়া অবশ্য এই স্পেনকে নিয়ে ভীষণ সতর্ক। বিশেষ করে দলটির কোচ দালিচের মতে, আগের বছরের চেয়ে এখন আরও বেশি গতিময় ফুটবল খেলছে তারা, ‘তারা প্রথমে বল দখলে রাখতো এবং টিকিটাকায় অভ্যস্ত ছিল। তাতে প্রতিপক্ষকে ক্লান্ত করে বিধ্বস্ত করতো। এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাদের সেন্টার ফরোয়ার্ড আছে, রয়েছে মোরাতা। তার পর প্রান্তে আছে গতিময় খেলোয়াড়। তাই এখন উপরে তাদের খেলা আরও গতি পেয়েছে।’      

একই রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। দিবাগত রাত ১টায় তাদের প্রতিপক্ষ আলবেনিয়া।