মৌসুমের শুরুতে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। শুক্রবার তাদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম অনুশীলনের সময় ডান পায়ের মাংসপেশীতে চোট পেয়েছেন। ক্লাব এই খবর নিশ্চিত করেছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, একমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংলিশ তারকা।
আন্তর্জাতিক বিরতির পর মধ্য সেপ্টেম্বর পর্যন্ত বেলিংহ্যাম মাঠে নামতে পারবেন না। এক বিবৃতিতে রিয়াল বলেছে, ‘আজ রিয়াল মাদ্রিদ মেডিক্যাল সার্ভিসের মাধ্যমে আমাদের খেলোয়াড় জুড বেলিংহ্যামের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার ডান পায়ের প্ল্যান্টারিস পেশীতে ইনজুরি ধরা পড়েছে।’
আগামী রবিবার লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না বেলিংহ্যাম। এমনকি আগামী মাসে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষেও ইংল্যান্ড তাদের নেশনস লিগ ম্যাচে তাকে পাবে না।
এই মৌসুমে প্রথম হোম ম্যাচ খেলতে যাচ্ছে রিয়াল। লিগের প্রথম ম্যাচে তারা মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।
সাধারণত রিয়ালের ম্যাচের এক দিন আগে সংবাদমাধ্যমে কথা বলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু সূচি পাল্টে ফেলেছেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে রুদ্ধদ্বার শেষ ট্রেনিং সেশনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান কোচ। শুক্রবার তিনি বলেন, ‘বেলিংহ্যাম আঘাত পেয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি।’
গত মৌসুমে ১৯ গোল করে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহ্যাম। সবশেষ আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ে হন ম্যাচসেরা। তার ইনজুরি নিশ্চিতভাবে রিয়ালকে বিপদে ফেললো।