হারতে যেন ভুলেই গিয়েছিল বেয়ার লেভারকুসেন। জার্মান বুন্দেসলিগায় তাদের সর্বশেষ হারটাই ছিল ২০২৩ সালের মে মাসে। তার পর থেকে ৩৫ ম্যাচ ছিল দলটির অপরাজেয় যাত্রা। তাদের অবশেষে থামালো আরবি লাইপজিগ। দলটির কাছে ৩-২ গোলে হেরেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধটা খারাপ করেনি লেভারকুসেন। ৩৮ মিনিটে জেরেমি ফ্রিমপং ও ৪৫ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর গোলে স্কোর ২-০ করে ফেলেছিল তারা। এই অর্ধে আবার সফরকারী দলের কোচ মার্কো রোসেকে আচরণ বিধি ভাঙার কারণে স্ট্যান্ডে পাঠানো হয়েছে। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেয়নি লাইপজিগ। বিরতির আগে দিয়েই একটি গোল শোধ দেন কেভিন কাম্পাল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে স্কোরে সমতা আনেন লুইস ওপেন্দা। খেলার দশ মিনিট বাকি থাকতে এই ওপেন্দাই এনে দেন জয় সূচক গোল।
অথচ ৪৬৩ দিন লেভারকুসেনের অপরাজেয় যাত্রার মূলে ছিল শেষ দিকে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরা। এই বছর ৮৮তম মিনিটে বা শেষ দিকে ১৭টি গোল করে নিজেদের রেকর্ড অক্ষুণ্ন রেখেছিল সেভাবেই। কিন্তু এই ম্যাচে আর সেটার পুনরাবৃত্তি তারা করতে পারেনি।
হারের পর নিজেদের ব্যর্থতার কথা তুলে ধরে লেভারকুসেন অধিনায়ক জনাথান টাহ বলেছেন, ‘যে গোল হজম করেছি সেসব ছিল খুবই সহজ। দলীয়ভাবে ডিফেন্ড করি। কিন্তু বেশ কয়েকবার সেটা করতে ব্যর্থ হয়েছি। যার জন্য আমাদের শাস্তিটা পেতে হয়েছে।’