ফিফা কাপের সূচি জানলো রিয়াল

বিশ্বের বিভিন্ন ক্লাব নিয়ে আয়োজিত ফিফা আন্তঃমহাদেশীয় কাপের প্রথম আসরে হবে পাঁচটি ম্যাচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে ১৮ ডিসেম্বর, ভেন্যু দোহাতে। শুক্রবার বিশ্ব ফুটবল সংস্থা এই তথ্য জানিয়েছে।

গত বছর ডিসেম্বরে এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয় ফিফা। ক্লাব বিশ্বকাপ কাপের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ২০২৫ সাল থেকে ৩২ দল নিয়ে চার বছর পরপর হবে এটি।

আসন্ন আসরে প্রথম ম্যাচে এএফসি চ্যাম্পিয়নস লিগ জয়ী আল আইন ২২ সেপ্টেম্বর আফ্রিকান এশিয়ান প্যাসিফিক কাপ প্লে অফে মুখোমুখি হবে ওএফসি চ্যাম্পিয়নস লিগ জয়ীর। এই ম্যাচের জয়ী দল ২৯ অক্টোবর কায়রোতে খেলবে সিএএফ চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে।

এই দুটি ম্যাচ হবে র‌্যাঙ্কিংয়ের ওপরে থাকা দলের ঘরের মাঠে। স্থানীয়দের তাদের ক্লাবের খেলা দেখার সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত।

পরের ম্যাচগুলো হবে দোহাতে। সেখানে চলতি বছরের কনমেবল লিবার্তাদোরেস বিজয়ী দল ১১ ডিসেম্বর খেলবে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের বিজয়ী মেক্সিকান দল পাচুকার সঙ্গে। এই ম্যাচকে ফিফা বলছে ‘আমেরিকান ডার্বি’।

২৯ অক্টোবর ও ১১ ডিসেম্বরের ম্যাচ দুটির বিজয়ী দল একে অন্যের মুখোমুখি হবে ১৪ ডিসেম্বরের চ্যালেঞ্জার কাপে। ওই ম্যাচে জেতা দলটি ১৮ ডিসেম্বর রিয়ালের বিপক্ষে আন্তঃমহাদেশীয় কাপ ফাইনাল খেলবে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের ঠিক দুই বছর পর, কাতারের জাতীয় দিবসে হবে এই ম্যাচ।