এমবাপ্পেকে ছাড়া মাদ্রিদ ডার্বি, যা বললেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ আরও শাণিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই মৌসুমে এরই মধ্যে পাঁচটি লিগ গোলও করেছেন তিনি। কিন্তু রবিবার তাকে ছাড়া মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের শূন্যতা কতটা অনুভূত হবে কিংবা তার অনুপস্থিতির প্রভাব পড়বে, আর খেলার ধরনে কেমন পরিবর্তন আসবে, এনিয়ে প্রশ্ন শুনতে হয়েছে কোচ কার্লো আনচেলত্তিকে।

গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে লা লিগায় ৩-২ গোলে রিয়ালের জয়ের ম্যাচে ঊরুর চোট পান এমবাপ্পে। প্রায় তিন সপ্তাহের জন্য তার মাঠের বাইরে থাকার আশঙ্কা।

লা লিগায় ৩৯ ম্যাচ অজেয় থেকে মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকোর মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল। তাদের শেষ হার হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, মাদ্রিদ ডার্বিতেই।

শনিবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, ‘এমবাপ্পেকে ছাড়া অবশ্যই কিছু পরিবর্তন হবে, তবে অনেক নয়। আমরা তাকে ছাড়া খেলতে অভ্যস্ত। গত বছর সে এখানে ছিল না। দুঃখেল ব্যাপার হলো সে এই খেলায় নেই, কিন্তু আমি মনে করি তার অনুপস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে পারবো।’

গত বছর প্রথম ২০ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেয় অ্যাটলেটিকো, রিয়াল ম্যাচ হারে ৩-১ গোলে। আনচেলত্তি বললেন, ‘হ্যাঁ, শতভাগ, গত বছরের ভুল আমাদের করা যাবে না। আমরা রক্ষণাত্মকভাবে উন্নতি করেছি। গত বছর থেকে আমরা শিখেছি।’

ডার্বিতে যাওয়ার আগে অ্যাটলেটিকোর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রিয়াল। দুই দলই এই মৌসুমে অপরাজিত।