নুরুজ্জমান নয়নের লক্ষ্য বেশ পরিষ্কার। হতে চান দেশের সর্বোচ্চ গোলকিপিং কোচ। সেজন্য মাঠে-ময়দানে গোলকিপিং কোচ হয়ে কাজ করার পাশাপাশি একের পর এক ডিগ্রি অর্জন করে চলেছেন। শুধু কোচিংয়ের জন্যই নয়, এত সব ডিগ্রির পেছনে আরও একটি কারণও আছে। সামনের দিকে গোলকিপার তৈরিতে রাখতে চান দারুণ ভূমিকা। তাই তো সবশেষ মালয়েশিয়া থেকে বাংলাদেশের একমাত্র গোলকিপিং কোচ হয়ে এএফসি গোলকিপিং টিউটরস কোর্সও করেছেন নয়ন। সার্টিফিকেটও হাতে চলে এসেছে।
খেলোয়াড়ী জীবন শেষে ২০১১ সাল থেকে কোচিংয়ে যুক্ত নয়ন। বাংলাদেশের প্রথম গোলকিপিং কোচ এএফসি এ, বি ও সি ডিপ্লোমা নিয়েছেন আগেই। এছাড়া কোচিংয়ে সাধারণ অন্য সমমানের লাইসেন্সও রয়েছে। বর্তমানে বসুন্ধরা কিংসে কাজ করছেন।
কাজ করার অভিজ্ঞতা আছে জাতীয় দলের সঙ্গেও। তাই তো ভুটানে ছিলেন রাকিব-জিকোদের সঙ্গে। নয়ন গোলকিপিং টিউটরস কোর্স করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি চাই গোল প্লেয়ার তৈরি করতে। একজন গোলকিপার এখন শুধু তিন কাঠির নিচে দায়িত্ব পালন করবে না, পাশাপাশি গোল প্লেয়ার হয়ে সহায়ক ভূমিকা রাখবে। ইউরোপে এখন যা হচ্ছে তেমনই। গোলকিপার হয়ে নিজের কাছে বল রাখতে পারবে। প্রয়োজনে সতীর্থদের সঙ্গে খেলার সুযোগ পাবে।’
বাংলাদেশে গোলকিপিং কোর্স করার মতো ইন্সট্রাকটর নেই। নয়ন এখন একমাত্র কোর্সধারী হয়ে তা পরিচালনা করতে পারবেন। নয়নের কথায়, ‘বাংলাদেশে এখন গোলকিপারদের নিয়ে বি ও সি কোর্স হলে আমি করাতে পারবো। আগে যা কখনও কেউ করতে পারেনি। এছাড়া সামনের দিকে অন্য কোর্সও করার ইচ্ছা আছে। যেন এ কোর্সও করানো সম্ভব হয়।’