খেলার মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন হাঙ্গেরি কোচ

নেদারল্যান্ডস-হাঙ্গেরি ম্যাচ বন্ধ ছিল ১৩ মিনিটের মতোন! কারণ হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম সালাই ম্যাচ চলা অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বেঞ্চে। মাঠে পড়ে গিয়ে পা আছড়াচ্ছিলেন তিনি। পরে হাঙ্গেরির ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্থিতিশীল আছেন সালাই।

ম্যাচের সপ্তম মিনিটে সহকারী কোচ অসুস্থ হয়ে পড়ায় ম্যাচ হওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তখন তাকে ঘিরে ধরেন হাঙ্গেরির স্টাফ ও বদলি খেলোয়াড়রা। তাৎক্ষণিক মাঠেই শুশ্রূষা চলে তার। পরে আমস্টারডামের একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে তাকে। তখন খেলোয়াড়রা নিজেদের মাঝে আলোচনার পর ম্যাচ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
 
ফেডারেশনের পক্ষ থেকে পরে জানানো হয় সালাইয়ের অবস্থা স্থিতিশীল এবং জ্ঞান রয়েছে।  ম্যাচের মাঝে এমন ঘটনায় ভয় ছড়িয়ে পড়ে প্রতিপক্ষ শিবিরেও। নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক ম্যাচের পর বলছিলেন, ‘তখন ব্যাপারটা ধাক্কার মতোই লেগেছিল। বিশেষ করে কেউ যখন মাটিতে পড়ে এভাবে কাঁপতে থাকে, তখন ব্যাপারটা ভীতিকর। পরে যখন দেখলাম সে স্থিতিশীল তখন ব্যাপারটা স্বস্তিকর হয়ে দাঁড়ায়।’