ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দলের ইতিহাস  

নেশন্স লিগে ইতিহাস গড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল স্যাম মারিনো। পিছিয়ে পড়েও লিখটেনস্টেইনকে ৩-১ গোলে হারিয়ে লিগের তৃতীয় স্তরে উন্নতি হয়েছে তাদের। নিজেদের ইতিহাসে দেশের বাইরে এটা ছিল তাদের প্রথম জয়!

প্রথমার্ধ পর্যন্ত পিছিয়ে থাকা স্যান মারিনো প্রতিযোগিতামূলক ম্যাচের দ্বিতীয় জয়টি পায় লরেঞ্জো লাজারি, আলেসান্দ্রো গুলিনুচ্চি  ও নিকোলা নান্নির পেনাল্টি গোলের কল্যাণে।  

লিগ ‘সি’ তে উন্নীত হয়ে মাঠেই উল্লাসে মাতেন স্যান মারিনোর খেলোয়াড়রা।  পুঁচকে দলটির আগের দুটি জয়ও ছিল একই প্রতিপক্ষের বিপক্ষে। একটি ছিল ২০০৪ সালে প্রীতি ম্যাচে আর সর্বশেষটি নেশন্স লিগে গত সেপ্টেম্বরে। দুটি ম্যাচই হয়েছিল স্যান মারিনোয়।  তারা ‘ডি’ লিগের গ্রুপ ওয়ানের শীর্ষস্থানও দখল করেছিল।

র‌্যাঙ্কিংয়ের ২১০তম এই ক্ষুদ্র দেশ ২১১টি ম্যাচের ১৯৯টিতেই হার দেখেছে। সাত ম্যাচে গোল হজম করেছে ১০ কিংবা তারও বেশি। রবের্তো সেভোলির অধীনেই দলটা ১০ ম্যাচে দুটি জয় পেয়েছে। র‌্যাঙ্কিংয়ে লিখটেনস্টেইনের অবস্থান ২০০তম।  

ইতিহাস গড়া স্যান মারিনো এবারই প্রথম আনুষ্ঠানিক ম্যাচে তিন গোলের দেখা পেয়েছে। দলের অভাবিত নেপুণ্যে স্যান মারিনো ফুটবল ফেডারেশনের প্রেসিডিন্ট মার্কো টুরা বলেছেন, ‘হার্ট অ্যাটাকের গুরুতর ঝুঁকি ভোগ করা ছাড়াও আমি বলতে পারছি ছেলেরা এই রাতে ইতিহাস গড়েছে। দেখিয়ে দিয়েছে তারা কীসের যোগ্য। ছেলেদের সঙ্গে আমি কেঁদেছি।’