এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বুধবার ২-১ গোলে হারলো অ্যাথলেটিক ক্লাবের মাঠে। সব প্রতিযোগিতা মিলে এটি তাদের সাত ম্যাচে চতুর্থ হার।
প্রায় দুই মাস অপরাজিত থাকা অ্যাথলেটিক শুরু থেকে দাপট দেখায়। ৫৩তম মিনিটে গোলমুখের কাছ থেকে নেওয়া শটে তাদের লিড এনে দেন অ্যালেক্স বেরেনগুয়েরে।
১৫ মিনিট পর মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুদিগার ফাউল হয় প্রতিপক্ষের বক্সে। এমবাপ্পে রিয়ালকে সমতা ফেরানোর দারুণ সুযোগ পান। কিন্তু গত সপ্তাহে লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগ হারের ম্যাচে পেনাল্টি মিস করা ফ্রান্স ফরোয়ার্ড আবারও দুর্বল শট নেন। অ্যাথলেটিক কিপার জুলেন আগিরেজাবালার জন্য সেটি ঠেকানো বেশ সহজ ছিল।
রিয়াল শেষ পর্যন্ত সমতা ফেরায়। ৭৮তম মিনিটে জুড বেলিংহ্যাম ফিরতি শটে গোল করেন। কিন্তু এক মিনিট পর ফেডেরিকো ভালভার্দে মারাত্মক ভুলে গোরকা গুরুজেতাকে পাস দিলে তিনি থিবো কোর্তোয়াকে অসহায় বানিয়ে জাল কাঁপান।
টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ঘুচানোর সুযোগ হারালো রিয়াল। ৩৭ পয়েন্ট নিয়ে কাতালান জায়ান্টরা এক নম্বরে, এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল চার পয়েন্ট পেছনে। অ্যাথলেটিক ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ।