লাল কার্ড ও ভ্যালেরির দারুণ এক ফ্রি কিকের দিন

প্রিমিয়ার ফুটবল লিগে আজ তিনটি ম্যাচ হয়েছে। চট্টগ্রাম আবাহনী ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে, পয়েন্টের দেখা পাচ্ছে না। এক পয়েন্ট নিয়ে কিছুটা স্বস্তির দেখা পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। দারুণ খেলতে থাকা ব্রাদার্স ইউনিয়ন প্রথম হার দেখলো।

শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। দ্বিতীয় মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় তারা। ৭০ মিনিটে চেক সেনের সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাদার্স। 

ব্রাদার্সের স্বস্তি ফুরাতেও সময় লাগেনি। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাজ্জাদ হোসেন সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে খেলতে হয় কমলাজার্সিধারীদের। ৭৯ মিনিটে নাবীব নেওয়াজ জীবন ফের রহমতগঞ্জকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান বোয়াটেং। 

এই জয়ে রহমতগঞ্জ পয়েন্ট টেবিলে আবাহনীর পাশে বসেছে। দুই দলের পয়েন্টই ৯ করে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ব্রাদার্সের পয়েন্ট ৭।

দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স। ফর্টিসের ইউক্রেনের ফুটবলার ভ্যালেরি দুর্দান্ত এক ফ্রি কিকে গোল পান। জয় না পেলেও টানা তিন হারের পর পয়েন্ট পাওয়ার স্বস্তি সঙ্গী হয়েছে ওয়ান্ডারার্সের।

অনিশ্চয়তার পর লিগে খেলা চট্টগ্রাম আবাহনী ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে। দুটি গোলই পায় দ্বিতীয়ার্ধে।