জিরোনাকে হারিয়ে বার্সাকে ছুঁলো রিয়াল

লা লিগায় শিরোপার লড়াই জমে উঠেছে। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁলো রিয়াল মাদ্রিদ।

২৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ৫৪। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে রিয়াল। এক পয়েন্ট পেছনে থেকে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদও শিরোপার দৌড়ে।

লাল কার্ডের নিষেধাজ্ঞায় এদিন ছিলেন জুড বেলিংহ্যাম। তার বদলে একাদশে শুরু করেন ব্রাহিম দিয়াজ।

তৃতীয় মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বাঁ দিক থেকে গোলমুখের সামনে বল বাড়ান। কিন্তু সেখানে বল ঠেলে দেওয়ার মতো কেউ ছিলেন না। দুই মিনিট পর থিবো কোর্তোয়াকে পরীক্ষা দিতে হয়েছিল। ওরেল রোমেউর বাতাসে ভাসানো বল পেয়েছিলেন আরাউ মার্তিনেজ। তার শট কাছের পোস্টে থেকে সেভ করেন রিয়াল কিপার।

পরের মিনিটে জিরোনা কিপার পাউলো গাজ্জানিগাকে ভয় ধরিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়কের প্রথম সুযোগ নস্যাৎ করে দেন অতিথি দলের স্টপার।

১৬তম মিনিটে এমবাপ্পের বাড়ানো বল লক্ষ্যে রেখেছিলেন ভিনিসিয়ুস। কিন্তু বল গোলবারের ওপর দিয়ে মাঠের বাইরে। আধঘণ্টার কাছাকাছি সময়ে ব্রাহিম ও লুকা মদরিচের প্রচেষ্টা ব্যর্থ হয়। রদ্রিগোও পারেননি লক্ষ্যে বল রাখতে।

৩০তম মিনিটে ডনি ফন ডে বিককে দারুণ দক্ষতায় রুখে দিয়ে স্কোর হতে দেননি কোর্তোয়া। অবশেষে বিরতিতে যাওয়ার আগে দর্শনীয় এক গোলে রিয়ালকে এগিয়ে দেন মদরিচ। বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের ভলিতে গাজ্জানিগাকে পরাস্ত করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। মৌসুমের অন্যতম সেরা গোলই করে দেখালেন তিনি।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলের জন্য মরিয়া ছিল রিয়াল। বিরতি থেকে ফিরে এমবাপ্পের পাসে লুকাস ভাসকেসের শট পোস্টের পাশ দিয়ে যায়। মদরিচের ফ্রি কিকে শুয়োমেনির হেড অল্পের জন্য বারের ওপর দিয়ে মাঠছাড়া হয়।

খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে এমবাপ্পের বাঁ পায়ের জোরালো শট রুখে দেন গাজ্জানিগা। তারপরই আসে দ্বিতীয় গোল। ফরাসি তারকার বাড়ানো বলে ভিনিসিয়ুস টোকা দিয়ে ৮৩তম মিনিটে বল জালে জড়ান।