গোলকিপার আট সেকেন্ডের বেশি বল ধরে রাখলেই শাস্তি পাবেন। ফুটবলের আইন প্রণেতা আইএফএবি আগামী মৌসুম থেকে এই নিয়ম চালু করতে যাচ্ছে। শাস্তি হিসেবে প্রতিপক্ষ দলকে একটি কর্নার দেওয়া হবে।
ফুটবলে মাঝেমধ্যেই দেখা যায়, কোনও বিশেষ পরিস্থিতিতে সময় নষ্ট করতে গোলকিপার অকারণে বল ধরে রেখেছেন। এটি রুখতেই ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি শনিবার বেলফাস্টে সংস্থার ১৩৯তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, কিপাররা ছয় সেকেন্ডের বেশি বল ধরে রাখলে শাস্তি হিসেবে প্রতিপক্ষ দল পরোক্ষ ফ্রি কিক পেয়ে যায়। যদিও এমন শাস্তি দেওয়ার ঘটনা বিরল।
এই মৌসুমে বিভিন্ন প্রতিযোগিতায় আট সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখার শাস্তির নিয়ম ট্রায়ালে ছিল। শেষ পাঁচ সেকেন্ড রেফারি হাত দিয়ে গণনা করেছেন, যাতে গোলকিপার দ্রুত বল ছেড়ে দেন।