জর্ডানের বিপক্ষে আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাস বাড়িয়ে এবার জর্ডানের বিপক্ষে ভালো ফল করতে চাইছে পিটার বাটলারের দল। 

যদিও তা কঠিন। চার বছর আগে উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডানের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও জর্ডানের পার্থক্য ৫৯ ধাপ। 

আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

তার আগে রবিবার মেয়েদের বিশ্রাম দিয়েছেন বাটলার। সুইমিংপুলে এবং জিমনেশিয়ামে যা একটু ঘাম ঝরিয়েছেন মনিকা-আফঈদারা। সোমবার শুরু হবে মূল প্রস্তুতি। 

অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘ইন্দোনেশিয়ার বিপক্ষে জেতার লক্ষ্য ছিল আমাদের। কিন্তু আল্লাহ যা চেয়েছেন, তাই হয়েছে। ড্র করেছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা এটাতে খুশি। কোচ যেভাবে আমাদের গেম প্ল্যান বলেছিলেন, আমরা আক্রমণভাগে, রক্ষণে সেভাবে খেলতে পেরেছি।’

এরপরই যোগ করেন, ‘আজকে আমাদের রিকভারি, জিম, সুইমিং ছিল। আজ পুরো বিশ্রাম। জর্ডানের বিপক্ষে পরের ম্যাচের জন্য আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’