বুধবার সকালের দিকে রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়। তাতে জাপানে ইয়োকোহামা এফ. মারিনোসের বিপক্ষে লিভারপুলের প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ম্যাচ নিরাপদেই মাঠে গড়িয়েছে এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে।
এই ম্যাচে লিভারপুলের জার্সিতে প্রথম গোল করেছেন ফ্লোরিয়ান উইর্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে আসাহি উয়েনাকা গোল করে ইয়োকোহামাকে লিড এনে দেন। তারপর নিসান স্টেডিয়ামে লিভারপুলকে সমতায় ফেরান রেকর্ড দামে এই মৌসুমে যোগ দেওয়া উইর্টজ। তারপর দুই টিনএজার ট্রে নিওনি ও রিও এনগুমোহা অতিথিদের হয়ে জাল কাঁপান।
আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৬ কোটি ৯০ লাখ পাউন্ডে র স্ট্রাইকার উগো একিতিকে লিভারপুলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন। ২৫ মিনিটে ব্যাক হিলে আর্নে স্লটের দলকে এগিয়ে নেওয়ার বেশ কাছে ছিলেন তিনি।
কডি গাকপো পোস্টে আঘাত করলে লিভারপুলকে হতাশ হতে হয়। বিরতির আগে জাপানি ক্লাবের জুন আমানোর একটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন লিভারপুল কিপার জর্জি মামারদাশভিলি।
প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। বিরতির পর হয় চার গোল। তাতে ইয়োকোহামা লিড নিয়ে চমক দেখালেও শেষ হাসি হেসেছে লিভারপুল।
প্রাক মৌসুমের শুরুতে লিভারপুল শনিবার এসি মিলানের কাছে ৪-২ গোলে হারে। তারা এবার দেশে ফিরে যাবে, সেখানে অ্যানফিল্ডে স্বাগত জানাবে অ্যাথলেটিক বিলবাওকে।