বায়ার্ন ছেড়ে রোনালদোর ক্লাবে কোমান

আল নাসর সৌদি প্রো লিগে শিরোপা খরা ঘুচাতে দলের শক্তি বাড়িয়েই চলেছে। শুক্রবার তারা ফরাসি উইঙ্গার কিংসলে কোমানের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে। বায়ার্ন মিউনিখে এক দশক কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী হচ্ছেন তিনি। আভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বায়ার্নকে ৩ কোটি ৬৯ লাখ ইউরো দিয়েছে ক্লাব। চুক্তি অনুযায়ী কোমান ২ কোটি ২০ লাখ ইউরো আয় করবেন।

২০১৫ সালে জুভেন্টাস থেকে দুই বছরের জন্য বায়ার্নে ধারে খেলতে আসেন কোমান। তারপর স্থায়ীভাবে থেকে যান। বুন্দেসলিগা ক্লাবের জার্সিতে ৩৩৯ ম্যাচে কোমান ৭২ গোল করেছেন, অ্যাসিস্ট ৭১টি। ৯টি লিগ শিরোপাসহ তিনবার জার্মান কাপ জেতেন। তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ওই ম্যাচে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে একমাত্র জয়সূচক গোল করেন কোমান।

প্যারিসে জন্ম নেওয়া কোমান ফ্রান্সের হয়ে ৫৮ ম্যাচ খেলে আট গোল করেন।

২০২৭ সালে বায়ার্নের সঙ্গে কোমানের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড এক দশক পর ক্লাব ছাড়ার ঘোষণা দেন সোশাল মিডিয়াতে, ‘এই ক্লাব সবসময় আমার অংশ হয়ে থাকবে। আসন্ন মৌসুমগুলোতেও বায়ার্নের সাফল্য অব্যাহত থাকবে, এটাই কামনা। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মাত্র ১৯ বছর বয়সে মিউনিখকে আমার ঘর বানানোর পর প্রায় ১০ বছর কেটে গেছে।’  

এই ১০ বছরে মোট ২০টি ট্রফি জিতেছেন কোমান। রোনালদোর ক্লাবেও তিনি একই সাফল্য পান কি না, সেটা দেখার অপেক্ষা।