মানিকগঞ্জের জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে দৌলতপুর উপজেলা। আজ রবিবার বিকালে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মানিকগঞ্জ পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে দৌলতপুর উপজেলা।
৩ হাজার দর্শকের উপস্থিতিতে মানিকগঞ্জ পৌরসভার বিপক্ষে প্রথমার্ধে ১- ০ গোলে ছিল দৌলতপুর উপজেলা। ৩১ মিনিটে মিয়াদের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) দৌলতপুর উপজেলার হয়ে আক্কাস ব্যবধান দ্বিগুণ করেন।
২ গোলে পিছিয়ে মানিকগঞ্জ পৌরসভা খেলায় ফেরার প্রাণপণ চেষ্টা চালায়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে জেমি গোল ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু বাকি সময় দৌলতপুর উপজেলার রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি মানিকগঞ্জ পৌরসভা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল ১৬ আগস্ট শনিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন ফুটবলের আসর। জেলা প্রশাসক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৭ উপজেলা দল মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, ঘিওর, হরিরামপুর, শিবালয় ও সিঙ্গাইরের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভাসহ মোট ৮ দলকে নিয়ে হচ্ছে এ ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ আগস্ট।