বিসিবির নতুন পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। এরপর থেকেই ফুটবলাঙ্গনে চলছে তীব্র সমালোচনা। বুধবার জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছেন।
জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় এসে মৌন মিছিলটি শেষ হয়। মিছিল শুরুর আগে জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক বলেছেন, ‘আমাদের প্রতিবাদ মিছিলের পর আসিফ আকবর যদি কোনও পদক্ষেপ বা ব্যবস্থা না নেন, তাহলে তিন দিনের মধ্যে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’
এরপরই মারুফ বলেন, ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করবো। কোনও অশালীন কিছু বলা হবে না।’
জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাঈদ হাসান কানন, সত্যজিত দাশ রুপু, গোলাম গাউস ও সাইফুর রহমান মনিসহ প্রায় শতাধিক ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন।
মোহামডোন, রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ অনেকেই ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে নিজেদের উপস্থিতি জানান দেন।