নতুন কোচের অভিষেকে দ্বিতীয় বিভাগের দলের কাছে হেরে রিয়ালের বিদায়

ভাগ্য ফেরাতে জাবি আলোনসোকে বরখাস্ত করে নতুন কোচ নিয়োগ দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তার পরও বিপর্যয় ঠেকানো যায়নি। আলভারো আরবেলোয়ার অধীনে অভিষেক ম্যাচেই কোপা দেল রে থেকে ছিটকে গেছে লস ব্লাঙ্কোস। দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

লেভান্তের বিপক্ষে শনিবারের লা লিগা ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, থিবো কোর্তুয়া ও জুড বেলিংহ্যামকে বিশ্রাম দিয়েছেন সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আরবেলোয়া। পাশাপাশি একাডেমির দুই খেলোয়াড় হোর্হে সেস্তেরো ও ডেভিড হিমেনেজকে সুযোগ দেন তিনি। তাতেও ভাগ্য ফেরেনি। 

ম্যাচের ৪২ মিনিটে হাভি ভিয়াররের হেডে এগিয়ে যায় আলবাসেতে। প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রাঙ্কো মাসতান্তুওনোর গোলে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ।
কিন্তু শেষ আট মিনিটে বদলি খেলোয়াড় জেফতে বেতানকোরের জোড়া গোলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। মাঝখানে গনসালো গার্সিয়ার সমতাসূচক গোলও রিয়ালকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত ১৫ বারের চ্যাম্পিয়নস লিগজয়ীদের বিপক্ষে ইতিহাসের প্রথম জয় তুলে নিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবাসেতে।

ম্যাচের পর কাঠগড়ায় নিজেকেই রাখেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ আরবেলোয়া, ‘এই ফলাফলের জন্য যদি কেউ দায়ী হয়, তাহলে সেটা আমি। একাদশ নির্বাচন, খেলার কৌশল সব সিদ্ধান্তই আমার। দায়ও তাই আমার।’