এবার বাংলাদেশ ফুটবল লিগে প্রথম পর্বে বসুন্ধরা কিংসের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে ফর্টিস এফসি। ১৮ পয়েন্ট দুই দলেরই। বিরতির পর নিজেদের আরও শক্তিশালী করতে আবারও তিন বিদেশি খেলোয়াড় নিতে যাচ্ছে করপোরেট দলটি। এর মধ্যে ভুটান লিগের সেরা খেলোয়াড় দায়া টিশেরিংকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
২৮ বছর বয়সী টিশেরিং ভুটান লিগে থিম্পু সিটির হয়ে সবশেষ ১৬ গোল করে লিগ সেরা হয়েছেন। লেফট উইঙ্গার পজিশনে নিজ দেশে আলো ছড়িয়ে এবার বাংলাদেশের মাঠ মাতানোর অপেক্ষা।
ভুটানের খেলোয়াড় দলভুক্ত করা নিয়ে ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের স্হানীয় খেলোয়াড় সাগর হঠাৎ চোট পাওয়ায় টিশেরিংকে নিতে হয়েছে। ও এবার ভুটান লিগে ভালো পারফরম্যান্স করেছে, সেরা খেলোয়াড়ও হয়েছে। তাই ওর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’
কয়েক দিনের মধ্যে ভুটানের ফরোয়ার্ডের দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া ক্লাবটি একজন স্ট্রাইকারসহ আরও দুজন বিদেশি খেলোয়াড় নিতে পারে।
লিগে কয়েক দিনের বিরতির পর শিরোপার জন্য ঝাঁপিয়ে পড়বে দলটি। এদিকে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞা থাকায় দলবদলে অংশ নিতে পারছে না। এছাড়া অন্য দলগুলো কিছু খেলোয়াড় পরিবর্তন করছে।