আগেই ইঙ্গিত মিলেছিল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারদের দেখা যাবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ২৫ মার্চ মালদ্বীপে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আরও ছয়জন প্রবাসী ফুটবলারের নাম যোগ করা হয়েছে।
নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়রা হলেন— আব্দুল কাদির (ইতালি), বীতশোক চাকমা (যুক্তরাষ্ট্র), ইব্রাহিম নেওয়াজ (যুক্তরাজ্য), আমির সামি (যুক্তরাষ্ট্র), সুশ্রুত মণ্ডল (কানাডা) এবং ফারজাদ আফতাব (যুক্তরাষ্ট্র)। তারা যশোরে চলমান ক্যাম্পে যোগ দেবেন।
ড্র অনুযায়ী, টুর্নামেন্টের 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। অন্যদিকে 'এ' গ্রুপে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে পৌঁছাবে। ফাইনাল হবে ৩ এপ্রিল।
২০২২ সালে সাফের প্রথম আসরে ভারত শিরোপা জিতেছিল। তবে ২০২৪ সালে দাপুটে খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।