গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার নেতৃত্বে থাকবেন মেসি

ফিনালিসিমা খেলা হচ্ছে না আর্জেন্টিনার। তবে মার্চে ঠিকই প্রীতি ম্যাচ খেলবে তারা। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ৩১ মার্চ বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে গুয়াতেমালার। সেই ম্যাচে ২৮ সদস্যের দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি।

বুধবার ঘোষিত স্কোয়াডে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দে পল ছাড়াও রয়েছেন নিয়মিত মুখ হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসরা।

ফিনালিসিমা বাতিল হওয়ার পর তড়িঘড়ি করে এই ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো ২০২৪ জয়ী স্পেনের মধ্যকার এই ম্যাচটি ২৭ মার্চ কাতারে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সেটি বাতিল করা হয়েছে।

কনমেবল এক বিবৃতিতে জানায়, ম্যাচটি আয়োজনের জন্য বিকল্প তারিখ ও ভেন্যু নিয়ে সব পক্ষ আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনও সমঝোতায় পৌঁছানো যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এএফএ কোনও আপত্তি ছাড়াই প্রস্তাব গ্রহণ করেছিল, শুধু তারিখ হিসেবে ৩১ মার্চের প্রস্তাব দেয়। কিন্তু উয়েফা জানায়, প্রস্তাবিত তারিখের মাত্র চার দিন পর ওই ম্যাচ আয়োজন সম্ভব নয়। ফলে শেষ পর্যন্ত ফিনালিসিমা বাতিল করা হয়। এরপর মার্চের আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে নতুন প্রতিপক্ষ খুঁজে নিতে বাধ্য হয় আর্জেন্টিনা।