যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের লক্ষ্য এবার ভারত

সত্যিই অসাধারণ এবং আবেগময় মুহূর্ত ছিল। ম্যাচ শেষ হতেই মালদ্বীপের গ্যালারির সামনে গিয়ে লাল-সবুজ পতাকা নিয়ে দুই যমজ ভাই জয়োৎসব করলেন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারানোর নায়ক রোনান সুলিভান ও তার ভাইয়ের সেই দৃশ্যটি কেবল একটি জয়ের গল্প নয়, বরং এটি শিকড়ের টানে ফিরে দিনটি রঙিন করে তোলার মুহূর্ত। 

জোড়া গোল করা রোনান ও ডিকলানের ওই জয়োল্লাস মালের জাতীয় স্টেডিয়ামে এক পশলা স্বস্তির মতো ছিল।

অনেকটা এলাম, দেখলাম, জয় করলাম—ব্যাপারটা যেন এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই নায়ক বনে গেলেন রোনান। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল দিয়ে পেলেন ম্যাচ সেরার পুরস্কার। লক্ষ্য এখন ভারত ম্যাচ।

আজ (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে ডেকলানের খেলা না হলেও সুযোগ পেয়েছেন রোনান সুলিভান। নেমেই সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এ স্ট্রাইকার। তার করা জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে সাফে দারুণ শুরু করেছেন বাংলাদেশের তরুণরা।

ম্যাচের প্রথমার্ধে গোল আসেনি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রোনানের চোখ ধাঁধানো ৩০ গজি ফ্রি কিকে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। ৬৭ মিনিটে শেখ সংগ্রামের ক্রস রিসিভ করে রোনান বলে এমনভাবে মাথা ছুঁয়েছেন, পাকিস্তানি গোলকিপার কিছুই বুঝে উঠতে পারেননি। দলের স্কোরের পাশাপাশি নিজের গোল সংখ্যাও বাড়িয়ে ফেলেন এ স্ট্রাইকার।

মালেতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল চেহারায় এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার বলেছেন, “এটা অসাধারণ। দারুণ এক অর্জন। এরপর ভারতকে হারানোর লক্ষ্য।”

আগামী ২৮ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।