১৯ মে কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনাল হতে যাচ্ছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল হওয়ার কথা বসুন্ধরার এই মাঠে। ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং। এখন ফাইনালের ভেন্যু নিয়েই যত আপত্তি সাদা কালো দলটির। কিংস অ্যারেনাতে খেলতে আপত্তি জানিয়ে বাফুফেতে চিঠি দিয়েছে মোহামেডান। নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজনের জন্য বলেছে তারা।
মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পৃথিবীর কোথায় আছে যাদের বিপক্ষে ফাইনাল, তাদের মাঠে খেলতে হবে। আমরা নিরপেক্ষ ভেন্যু চেয়ে আবেদন করেছি। আশা করছি বাফুফে আমাদের আবেদনে সাড়া দেবে।’
ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার কথা, ‘কিংসের মাঠ নিয়ে অনেক অভিযোগ, কেন খেলবো আমরা? আর ওদের মাঠে ফাইনাল হবে। এখন ওদের মাঠেই খেলাটা কতটা যুক্তিযুক্ত হবে। বাফুফেকে জানিয়েছি, ভেন্যু বদল করতে হবে। দেখি কী হয়।’