নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ আজ। বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে তারা। ম্যাচ সম্প্রচার করবে টি স্পোর্টস।
মারিয়া মান্দার দল এমন সময় মাঠে নামবে, যখন পুরো দেশ ঈদ উদযাপনে ব্যস্ত। তাই উৎসব মুখর পরিবেশটাকে আরও রাঙাতে চান মারিয়া। ম্যাচের আগের দিন বলেছেন, বাংলাদেশের সবাইকে ঈদ উপহার দিতে চান তিনি, ‘অবশ্যই দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। আমরা ভালো কিছু করলেই সেটা দেশকে ভালো কিছু দেওয়া হয়। তো আমাদের প্রত্যাশা থাকবে, আমরা ভালো খেলবো, ভালো খেলা উপহার দেবো এবং দেশবাসীকে ভালো একটা ফল দেবো।’
টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপকে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপসেরা হতে হলে বাংলাদেশকেও বড় ব্যবধানে জিততে হবে। কিন্তু কোচ পিটার বাটলার মনে করেন, ‘যারা নির্দিষ্ট সংখ্যক গোল করার কথা বলে, তারা আসলে ফুটবল বোঝে না। এটি একটি ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। আমি শুধু পেশাদার এবং সুশৃঙ্খল পারফরম্যান্স চাই। মালদ্বীপের ওই স্কোরলাইন নিয়ে ভাবছি না। কারণ, তাদের প্রস্তুতি ভালো ছিল না এবং তারা দীর্ঘ সময় ট্রানজিটে আটকে ছিল। অতীতে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে আমরা পরবর্তী ম্যাচ এবং বর্তমানের ওপর মনোযোগ দিতে চাই।’