বিশ্বকাপ শুরু হচ্ছে আজ

মেক্সিকোর জন্য উদ্বোধনী ম্যাচ যেন অভিশাপ, এবার কী হবে?

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কথা এলেই তা ভুলে যেতে চাইবে মেক্সিকো। কারণ সাতবার টুর্নামন্টের প্রথম ম্যাচে মাঠে নেমে একবারও জয়ের দেখা পায়নি এল ত্রি। এবার ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে সেই ব্যর্থতা তারা ঝেড়ে ফেলতে পারবে? উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার রাত ১টায় তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 

উদ্বোধনী ম্যাচে আগের ৭টির মধ্যে ৫টিতেই হেরেছে মেক্সিকো। ড্র করেছে দুটি। তবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ শুরু হতে যাওয়া ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের আগুইরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার তারা ইতিহাস বদলাতে চান, ‘এই ধারাটা আমাদের ভাঙতেই হবে।’

আজকের ম্যাচটি ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের-ই পুনরাবৃত্তি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

মেক্সিকোর কোচ হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করা আগুইরের অধীনে দলটি কয়েক বছরের মধ্যে ভালো ছন্দে রয়েছে। টানা সাত ম্যাচ অপরাজিত থাকা মেক্সিকোর সর্বশেষ হার ছিল গত নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে। আগুইরে বলেছেন, ‘যাই হোক না কেন, দিনটি আমাদের জন্য বিশেষ হতে যাচ্ছে। এমন একটি উদযাপন, যা বহু বছর ধরে মনে রাখা হবে।’

১৯৮৬ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে মেক্সিকোর হয়ে খেলেছিলেন আগুইরে। সেই আসরে মেক্সিকো উদ্বোধনী ম্যাচ খেলেনি, তবে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল। সেই স্মৃতির কথা মনে করে বলেছেন, ‘আমরা যেমন ভালোভাবে শুরু করেছিলাম, এবারও তেমনটাই চাই। খেলোয়াড়রা জানে, তাদের অনেকের জন্য এটি ঐতিহাসিক একটি দিন হতে পারে। কারণ নিজ দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ জীবনে দ্বিতীয়বার আসার সম্ভাবনা খুবই কম।’

বিশ্বকাপের উদ্বোধনী দিনে মেক্সিকো হেরেছিল ১৯৩০, ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮ ও ১৯৬২ সালে। ১৯৭০ ও ২০১০ সালের আসরে ড্র করেছিল। ১৯৮৬ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের দুই দিন পর নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছিল মেক্সিকো।

মজার বিষয় হলো, সেই ম্যাচে মেক্সিকোর হয়ে খেলেছিলেন আগুইরে এবং বেলজিয়ামের হয়ে মাঠে ছিলেন বর্তমান দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুস। স্মৃতিচারণ করে আগুইরে বলেছেন, ‘বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে নামার সময় আমাদের আত্মবিশ্বাস ছিল অসাধারণ। আমরা জানতাম প্রতিপক্ষ কতটা কঠিন, কিন্তু বিশ্বাস ছিল ম্যাচটি আমাদের খারাপ যাবে না। দক্ষিণ আফ্রিকার কোচও সেই ম্যাচে খেলেছিলেন, নিশ্চয়ই তিনিও সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছেন।’

কোচ হুগো ব্রুস মেক্সিকো চ্যালেঞ্জ স্বীকার করে বলেছেন, ‘নিশ্চিতভাবেই এটি বড় একটি চ্যালেঞ্জ। ৮৭ হাজার মেক্সিকান সমর্থকের সামনে খেলতে হবে আমাদের। তবে আমি খেলোয়াড়দের বলবো, যেন তারা শুধু ম্যাচেই মনোযোগ দেয়। স্টেডিয়ামে থাকা মেক্সিকান সমর্থকরা তো মাঠে খেলবে না; তারা শুধু চিৎকার করবে, গান গাইবে আর নাচবে।’