জার্মানির বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার আশায় কুরাসাও 

বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কুরাসাও। ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশটির প্রধান কোচ ডিক অ্যাডভোকাট বিশ্বাস করেন, শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে পারবে তার দল। 

রবিবার অনুষ্ঠিতব্য ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট বলেছেন, ‘আমাদের কিছু পয়েন্ট ছিনিয়ে নিতে হবে, তবে সেটি অবশ্যই বৈধ উপায়ে। আমরা দেখাতে চাই আমাদেরও একটি ভালো পরিকল্পনা আছে।’

এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন ডাচ এই কোচ। এর আগে তিনি নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছেন। ফলে এটি হবে বিশ্বকাপে তার তৃতীয় ভিন্ন কোনও দলের হয়ে দায়িত্ব পালন।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অ্যাডভোকাটের মতে, মাত্র ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার দেশটিকে বিশ্বকাপে তুলে আনার পেছনে যে দলীয় ঐক্য কাজ করেছে, তা তার দেখা সেরাগুলোর একটি, ‘এই দলের মধ্যে যে ঐক্য রয়েছে, তা আমি আগে কখনও দেখিনি। আমরা দেশ হিসেবে দ্বীপটির জন্য জিততে সর্বোচ্চ চেষ্টা করবো, কিন্তু আমরা ফেবারিট নই।’

অ্যাডভোকাট আরও বলেন, ‘নেদারল্যান্ডস কিংবা বড় কোনো দলের হয়ে খেললে আপনি শিরোপার দাবিদারদের একজন। কিন্তু এখন এই যাত্রার অংশ হতে পারাটাই অসাধারণ অনুভূতি। আমরা দেখাতে চাই কী করতে পারি এবং আমাদের সামর্থ্য কতটা। গত দুই বছরে কুরাসাওয়ের মানুষকে আমরা যা দেখিয়েছি, সেটি এই দ্বীপের জন্য সত্যিই গর্বের বিষয়।’

তবে কুরাসাওয়ের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ‘ই’ গ্রুপে জার্মানির পাশাপাশি তাদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে দ্বিতীয় হওয়া ইকুয়েডর এবং আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট।

অ্যাডভোকাট বলেন, ‘জার্মানিই ম্যাচে প্রভাব বিস্তার করবে, আর সেটাই স্বাভাবিক।’

বিশ্বকাপ শুরুর আগেই কুরাসাওয়ের নির্ভার মনোভাব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। দলীয় বাসে খেলোয়াড়দের খালি গায়ে গান গাওয়া ও নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে দলের অধিনায়ক লিয়ান্দ্রো বাকুনা বলেছেন, ‘আমরা এমন একটি জাতি, যারা উৎসব করতে ভালোবাসে। আমরা আনন্দ করতে পছন্দ করি।’