বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে অসন্তোষ

গরমের কথা বিবেচনায় এবারের ফুটবল বিশ্বকাপে চালু হয়েছে হাইড্রেশন ব্রেক তথা পানি পানের বিরতির। কিন্তু ব্যাপারাটা চালুর পর থেকে তা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ডালাস স্টেডিয়ামে বুধবার ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচেই দেখা গেছে প্রথম হাইড্রেশন ব্রেক শুরু হতেই গ্যালারিজুড়ে শোনা যায় দুয়ো। বোঝাই গেছে এই নিয়মে অসন্তোষ প্রকাশ করছেন দর্শকরা।

মূলত উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন তাপ ও আর্দ্রতার সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে প্রতি অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের একটি করে হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। যদিও এই সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে।

সমালোচকদের একাংশের দাবি, এসব বিরতি খেলার স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট করছে। আবার কেউ কেউ মনে করছেন, ম্যাচকে কার্যত চার কোয়ার্টারে ভাগ করে সম্প্রচারকারীদের জন্য অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের সুযোগ তৈরি করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ইংল্যান্ড সমর্থক হাইড্রেশন ব্রেক নিয়ে প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছিলেন। তারই প্রতিফলন দেখা যায় ম্যাচের ২২ মিনিটে। রেফারি বিরতির সংকেত দিতে বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শুরু হয়।

একই দিনে গ্রুপ ‘এল’-এর অন্য ম্যাচে পানামা ও ঘানার লড়াইয়েও হাইড্রেশন ব্রেক ভালোভাবে গ্রহণ করেননি দর্শকেরা। টরন্টোতে বৃষ্টির মধ্যে খেলোয়াড়রা যখন নিজ নিজ বেঞ্চের দিকে যাচ্ছিলেন, তখনও গ্যালারি থেকে দুয়োধ্বনি শোনা যায়।

এর আগে মঙ্গলবার বোস্টন স্টেডিয়ামে নরওয়ে ও ইরাকের ম্যাচেও প্রথম হাইড্রেশন ব্রেকের সময় দর্শকদের একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। যদিও তখন তাপমাত্রা ছিল মাত্র ২৩ ডিগ্রি সেলসিয়াস।