৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপট দেখাচ্ছে ব্রাজিল। হাইতির বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে বিরতি গেছে তারা। 

অফসাইডের কারণে শুরুর দিকে হতাশ হলেও ২৩ মিনিটে আর হতাশ হতে হয়নি। শুরুতে জাল কাঁপান কুনহা। গুইমারেসের পাস পেয়ে পেনাল্টি এলাকার দিকে এগিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। ড্রিবল করতে করতে তিনি বাম দিকে সরে গেলে তার পিছু নেন হাইতির দুই ডিফেন্ডার। এরপর শরীরের দ্রুত মোচড়ে ভেতরে ঢুকে গোলমুখে বাঁকানো শট নিয়েছিলেন। হাইতির গোলরক্ষক প্লাসিদে শুরুর চেষ্টায় শটটি ঠেকাতে পারলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল বিপদমুক্ত করতে মরিয়া হয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন ডেলক্রোয়া। কিন্তু তার সেই প্রচেষ্টা গিয়ে লাগে কুনহার গায়ে। সেখান থেকে বল গড়িয়ে জড়িয়ে যায় জালে। তার পর ৩৬ মিনিটে তার গোলেই ব্যবধান বাড়ায় সেলেসাও। মাঝমাঠে বলের দখল হারায় হাইতি। সেই সুযোগে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে ব্রাজিল। বল পায়ে নিয়ে দুরন্ত গতিতে সামনে ছুটে যান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর রক্ষণভাগের ফাঁক গলে কুনহার উদ্দেশে বাড়ান নিখুঁত এক পাস। সেখান থেকে তার জোরালো শট চলে যায় জালে। 

৪৫+৩ মিনিটে পাকেতা হাইতি রক্ষণভাগের মাথার ওপর দিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে দুর্দান্ত এক থ্রু পাস দিয়েছিলেন। বল পেয়ে রক্ষণভাগ ভেঙে একাই এগিয়ে যান ভিনিসিয়ুস। দ্রুতগতিতে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন তিনি। এ সময় গোলরক্ষক প্লাসিদে বেরিয়ে এলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ঠান্ডা মাথায় পায়ের ফাঁক গলে নিখুঁত শটে স্কোর ৩-০ করেছেন। 

এর আগে ১২ মিনিটে জাল কাঁপিয়েছিলেন রাফিনহা। দুর্ভাগ্য অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয় তা।