১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান

বিশ্বকাপে দুর্দান্ত সব সেভে ইরানের প্রথম নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। তার বীরত্বে ১০ জনের বেলজিয়ামের বিপক্ষে মূল্যবান একটি পয়েন্ট আদায় করে নিয়েছে ইরান।  গ্রুপ জি-তে লস অ্যাঞ্জেলেসে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়ে গোলশূন্য ড্র করেছে তারা। সব মিলিয়ে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বিশ্বকাপের ১১ ম্যাচে তৃতীয়বার পরাজয় এড়াতে সক্ষম হয়েছে ইরান। 

৩৩ বছর বয়সী ইরানি গোলরক্ষক প্রথমার্ধেই একাধিক সেভ করেন। তবে বিরতির পাঁচ মিনিট পর তিনি যে সেভটি করেছেন, সেটি টুর্নামেন্টের সেরাগুলোর একটি বলে বিবেচিত হতে পারে! ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ম্যাকসিম দে কুইপারের নিচু শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন তিনি।

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে থাকা বেলজিয়ামের কাজ আরও কঠিন হয়ে যায় ৬৬ মিনিটে। ইরানের অধিনায়ক মেহদি তারেমিকে ফাউল করায় লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাথান এনগয়।

ইরানের জন্য এই ড্রয়ের গুরুত্ব অনেক বেশি। রাজনৈতিক ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে প্রতিটি ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর অনুমতি পাওয়া দলটি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের প্রথম দুই ম্যাচে অপরাজিত থাকলো।

অথচ প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল বেলজিয়ামের-ই। তবে ১১টি শট নেওয়া সত্ত্বেও সেসবকে গোলে রূপ দিতে পারেনি তারা। এছাড়া ম্যাচের ২৫ মিনিটে গোলের দেখা পেয়েছিল ইরানও। ফ্রি-কিক থেকে বল জালে পাঠিয়েছিলেন মেহদি তারেমি। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।

দ্বিতীয়ার্ধে বেলজিয়াম আক্রমণে ধার বাড়িয়েছিল। বিপরীতে ইরানও চেষ্টা করেছিল। বেলজিয়ামের হয়ে রেকর্ড ১৭তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা থিবো কোর্তোয়াকে পরীক্ষায় ফেলেছিলেন তারেমি। ইরানি অধিনায়কের শট দারুণভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক।