চলমান ফিফা বিশ্বকাপ ফটুবলের গ্রুপ ‘আই’-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে সেনেগালকে ৩–২ গোলে হারিয়ে টানা গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে নরওয়ে। ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ, লিড বদল এবং শেষ মুহূর্তের চাপ মিলিয়ে ম্যাচটি ছিল পূর্ণাঙ্গ থ্রিলার।
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় নরওয়ে। ৪৩ মিনিটে ডান দিক থেকে আক্রমণ থেকে গোল করে দলকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন মার্কাস পেডারসেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নরওয়ে।
৪৭ মিনিটে আর্লিং হালান্ড গোল করে ব্যবধান ২–০ করেন। তবে ম্যাচে ফেরার চেষ্টা করে সেনেগাল। ৫৩ মিনিটে ইসমাইলা সারর গোল করে ব্যবধান কমিয়ে ২–১ করেন।
এরপর আবারও জ্বলে ওঠেন হালান্ড। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে তিনি নরওয়েকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন। এই জোড়া গোলের মাধ্যমে ম্যাচে বড় নিয়ন্ত্রণ নেয় ইউরোপীয় দলটি।
তবে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি করে সেনেগাল। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ইসমাইলা সারর আবারও গোল করে ব্যবধান ৩–২ করেন। শেষ বাঁশি পর্যন্ত চাপ সৃষ্টি করলেও সমতায় ফিরতে পারেনি আফ্রিকান দলটি।