ধর্ষণ মামলার বিচারের মুখে হাকিমি, তবু পাশে মরক্কো দল

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে মরক্কো। কিন্তু মাঠের বাইরে একটি ইস্যু তাদের ওপর নেচিবাচক ছায়া ফেলছে। দলের অধিনায়ক আশরাফ হাকিমিকে ঘিরে ফ্রান্সের একটি ধর্ষণ মামলা আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। তার পরও এই কঠিন সময়ে তিনি সতীর্থদের পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন গোলরক্ষক মুনির এল কাজুই।

২০২৩ সালে প্যারিসে ২৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে পিএসজি তারকার বিরুদ্ধে। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

গত শুক্রবার ফ্রান্সের একটি আপিল আদালত ২৭ বছর বয়সী হাকিমির বিরুদ্ধে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখে।

এর কয়েক ঘণ্টা পরই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ১-০ গোলের জয়ে দলকে নেতৃত্ব দেন হাকিমি। তবে বোস্টনের দর্শকদের একটি অংশ ম্যাচজুড়ে তাকে দুয়োধ্বনি দেয়।

বুধবার হাইতির বিপক্ষে মরক্কোর শেষ গ্রুপ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গোলরক্ষক মুনির এল কাজুই সেই প্রসঙ্গে বলেন, ‘সবাই আশরাফের পাশে আছে। মরক্কোর জন্য সে একটি মানদণ্ডের মতো। তাই যেকোনো পরিস্থিতিতে আমরা তার পাশে থাকবো।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর স্কটল্যান্ডকে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেছে মরক্কো। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া হাইতির বিপক্ষে জয় পেলে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলকেও টপকে শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে তাদের।

চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা অ্যাটলাস লায়ন্স এবার স্বপ্ন দেখছে ইতিহাস গড়ার। বিশ্বকাপ জয়ী প্রথম আফ্রিকান দল হওয়ার স্বপ্ন তাদের। এল কাজুই বলেছেন, ‘কেন নয়? আমরা এই শিরোপা জিততে চাই।’