টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়েছিল তুরস্ক। শেষ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেখানেই বাজিমাত করেছে দলটি। শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে তারা। রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৩-২ গোলে।তবে গ্রুপ পর্বে আগেই দুটি জয় নিশ্চিত করায় শেষ ৩২ এ চলে গেছে যুক্তরাষ্ট্র।
সোফাই স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথম তিন মিনিটের মধ্যেই গোল করে স্বাগতিকরা। তবে ১০ মিনিটেই আবার সমতায় ফেরে তুরস্ক। এটি ছিল চলতি বিশ্বকাপে তুরস্কের প্রথম গোল। এরপর ৩১ মিনিটে বারিশ আলপার ইলমাজ গোল করলে তুরস্ক প্রথমার্ধ শেষ করে ২-১ ব্যবধানে এগিয়ে।
যদিও বিরতির পর ছেড়ে কথা বলেনি যুক্তরাষ্ট্র। জমে ওঠা ম্যাচে ৪৯ মিনিটে সেবাস্টিয়ান বারহাল্টার জোরালো শটে সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান।
ম্যাচটা যখন ড্রয়ের দিকেই এগুচ্ছিল তখনই শেষ আঘাত হানে তুরস্ক। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে কান আইহান গোল করে দলের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
আগামী ১ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় নকআউট পর্বের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।