২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে তিনজন খেলোয়াড় ‘স্পট কিক’ মিস করায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল জাপান। সোমবার (২৯ জুন) উত্তর আমেরিকা বিশ্বকাপে হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যদি ড্র হয়, তবে মোরিয়াসু তার খেলোয়াড়দের কাঁধ থেকে একটি বড় সিদ্ধান্তের বোঝা নিজে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশা ম্যাচটি ডার্ক হর্স হয়ে জেতার ঘোষণা দিয়েছেন।
মোরিয়াসু বলেছেন, ‘এবার যখন পেনাল্টি শুটআউটের মুহূর্ত আসবে, তখন গতবারের মতো খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত ইচ্ছার ওপর ছেড়ে না দিয়ে সম্ভবত আমি নিজেই যারা শট নেবেন তাদের ঠিক করে দিতে চাই। আমি মনে করি, এবার সিদ্ধান্তটি আমিই নেব এবং ঠিক করব কে শট নেবে।’
ব্রাজিল ও জাপানের মধ্যে শক্তির তারতম্য আছে। ৫৮ বছর বয়সী কোচ জাপানকে নির্ভার হয়ে খেলাতে চান। তাই নিজেদের ডার্ক হর্স বলে জানালেন, ‘আমরা ডার্ক হর্স হিসেবেই জিতব। ব্রাজিল এবং জাপানের মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হওয়ার এক নম্বর দাবিদার হয়, তবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার ডার্ক হর্স দাবিদার।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের জেতার সুযোগ রয়েছে। আমরা আবারও ইতিহাস বদলে দেব।’
গত অক্টোবরে টোকিওতে একটি প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান। ওই হারটি ব্রাজিলিয়ানদের এই ম্যাচের জন্য বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। গ্রুপ পর্বে ইনজুরিতে পড়ায় উইঙ্গার তাকেফুসা কুভো এই ম্যাচে খেলতে পারবেন না।
মোরিয়াসু বলেন, ‘সে দলের অনুশীলনে অংশ নিচ্ছে না, নিজেই ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে সে খেলবে না। আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং সে নিজেও সেটাই চায়।’
গত কয়েক বছরে জাতীয় দলের ফলাফলের উন্নতি এবং ইউরোপ ও লাতিন আমেরিকার মতো শীর্ষ লিগগুলোতে জাপানি খেলোয়াড়দের যোগদানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দলটির গায়ে ‘ডার্ক হর্স’ তকমা লেগেছে। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো জুড়ে চলা এই টুর্নামেন্টে যাতায়াত করাটা খেলোয়াড়দের জন্য বেশ ক্লান্তিকর। পাশাপাশি ব্রাজিলের চেয়ে একদিন কম বিশ্রাম পেয়েছে জাপান।
মোরিয়াসু বলেন, ‘আপাতত আমরা বিশ্বাস করি, জিততে সক্ষম এবং আমাদের সেই সুযোগ রয়েছে... এমনকি এই বিশ্বকাপেও। কিছু মানুষ বলছেন জাপান একটি ডার্ক হর্স দল হবে এবং আমরা সেই মানসিকতা নিয়েই খেলব।’