জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা

জাপানের বিপক্ষে নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ২-১ গোলের এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে খোঁচা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে সানোর গোলে এগিয়ে যায় জাপান। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। কাসেমিরোর সমতাসূচক গোলের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নিজের এক্স অ্যাকাউন্টে নেইমার লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট... অনুগ্রহ করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

নেইমারের এই মন্তব্যের পেছনে রয়েছে ক্লেমেন্টের একটি সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী। জার্মান এই অর্থনীতিবিদ ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল সঠিকভাবে পূর্বাভাস দিয়ে আলোচনায় আসেন। তিনি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, তাপমাত্রাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে একটি গাণিতিক মডেল ব্যবহার করে বিশ্বকাপের ফল অনুমান করেন।

গত ৯ এপ্রিল প্রকাশিত এক নিবন্ধে ক্লেমেন্ট দাবি করেছিলেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল শেষ বত্রিশ থেকেই বিদায় নেবে। একই সঙ্গে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডস শিরোপা জিতবে।

তবে সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই প্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেমেন্টকে ব্যঙ্গ করলেন নেইমার।