‘আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না’

জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও জয় নিশ্চিত করতে ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নাটকীয় এই জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন ভিনিসিয়ুস জুনিয়র ও জয়সূচক গোলদাতা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

ম্যাচের শুরুতে সানোর গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে কাসেমিরোর সমতাসূচক গোলের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।

গ্রুপ পর্বে তিন ম্যাচে চার গোল করা ভিনিসিয়ুস জুনিয়র এদিনও গোলের খুব কাছে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত নাম লেখাতে পারেননি স্কোরশিটে। তবু দলের জয় ও শেষ ষোলো নিশ্চিত হওয়ার আনন্দ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিনিসিয়ুস লিখেছেন, ‘আমরা টিকে আছি এবং আরও বেশি চাই। এটা ব্রাজিলের জন্য।’

জয়সূচক গোল করা মার্তিনেল্লির আবেগ ছিল আরও গভীর। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার হৃদয়ের আনন্দ প্রকাশ করার মতো কোনও ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সমর্থকদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা, বাবা-মা ও বন্ধুদের উপস্থিতি—সবকিছুই অবিশ্বাস্য। বল পোস্টে লাগার পরই বুঝেছিলাম, আমি আরেকটি সুযোগ পাব। সত্যি বলতে, আমার অনুভূতি প্রকাশ করার মতো কোনও শব্দ নেই।’

দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করতে পেরে দারুণ খুশি আর্সেনাল ফরোয়ার্ড।

তিনি বলেন, ‘আমি শুধু খুশি যে দলকে সাহায্য করতে পেরেছি। বামপ্রান্তে খেলি বা মাঝমাঠে, সেটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে সাহায্য করা।’