ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হয়েছে মেক্সিকো ও ইকুয়েডর। তবে প্রতীক্ষিত এই নকআউট ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। মেক্সিকো সিটির আকাশে বজ্রসহ তীব্র ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কায় ফিফা নিরাপত্তা প্রোটোকল চালু করলে ম্যাচের কিক-অফ প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মেক্সিকো সিটি স্টেডিয়ামে (সাবেক অ্যাজটেকা স্টেডিয়াম) খেলা শুরু হয়।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে স্বাগতিক মেক্সিকো। তিন ম্যাচেই জয় পাওয়া দলটি এখনও পর্যন্ত টুর্নামেন্টে কোনও গোল হজম করেনি। অন্যদিকে ‘ই’ গ্রুপ থেকে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।
নকআউট পর্ব হওয়ায় এই ম্যাচে ড্রয়ের সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।
এই ম্যাচের বিজয়ী দল রাউন্ড অব ১৬-এ মুখোমুখি হবে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো ম্যাচের জয়ী দলের।