বিশ্বকাপের শেষ ৩২ -এ কাল ভোরে টরন্টোয় মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ম্যাচের উত্তেজনার পাশাপাশি দর্শকদের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে তীব্র গরম। কানাডার আবহাওয়া বিভাগ তাপপ্রবাহের সতর্কতা জারি করায় সমর্থকদের পর্যাপ্ত পানি পান এবং অ্যালকোহল গ্রহণ সীমিত রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
টরন্টো সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মিশেল মুর্তি বলেছেন, ‘তৃষ্ণা লাগার অপেক্ষা করবেন না। সারাদিন নিয়মিত পানি পান করুন। পাশাপাশি অ্যালকোহল গ্রহণও যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখুন। কারণ অ্যালকোহল শরীরকে আরও দ্রুত পানিশূন্য করে তুলতে পারে।’
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মুর্তি জানান, আর্দ্রতার কারণে বৃহস্পতিবার টরন্টোয় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে বজ্রসহ ঝড়ের আশঙ্কাও রয়েছে। ফলে কিছু জায়গায় আয়োজন করা বড় পর্দায় খেলা দেখার অনুষ্ঠান বাতিল হতে পারে।
সেখানকার পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তার সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।
বিশ্বকাপের সবচেয়ে ছোট ভেন্যু টরন্টো স্টেডিয়ামে এটিই টুর্নামেন্টের শেষ ম্যাচ। এই উপলক্ষে পুরো শহরজুড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং বিভিন্ন পাবলিক ফ্যান জোন তৈরি করেছে স্থানীয় প্রশাসন।
তবে শুধু টরন্টো নয়, কানাডা দিবসের ছুটির আগেই দেশটির পূর্ব থেকে পশ্চিম—বিভিন্ন অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার প্রভাব দেখা দিয়েছে। কোথাও বন্যা, কোথাও আবার তীব্র তাপপ্রবাহ জনজীবনকে ভোগান্তিতে ফেলেছে।