প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। দ্বিতীয় রাউন্ডের এক টানটান লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্লু শার্কসরা। মেসি ও তার সতীর্থদের বেশ ভুগিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে আফ্রিকান দেশটি।
তাদের স্মরণীয় বিশ্বকাপ অভিযানের পর রাজধানী প্রায়ায় উষ্ণ সংবর্ধনায় বরণ করা হয়েছে দলটিকে, যেখানে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের আয়োজিত এই সংবর্ধনায় অংশ নেন হাজার হাজার সমর্থক।
দলের দেশে ফেরার দিনটি কাকতালীয়ভাবে মিলে যায় জুলাইয়ের ৫ তারিখে পালিত কেপ ভার্দের স্বাধীনতা দিবসের সঙ্গে, যা এই সংবর্ধনাকে দিয়েছে আরও বিশেষ তাৎপর্য। বিমান থেকে নামার আগে ফেডারেশনের পক্ষ থেকে সমর্থকদের জাতীয় দলের নীল জার্সি পরে এবং দেশের পতাকা নিয়ে রাজধানীর মূল সড়কগুলো দিয়ে যাওয়া এই শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
মাঝে দেশে ফিরে নিজের অনুভূতি জানিয়েছেন দলের অন্যতম নায়ক গোলকিপার ভোজিনহা। বিমান থেকে নামার পর ভেনেজুয়েলার টেলিভিশন চ্যানেল টেলিসুরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গোলকিপার, ‘আমরা এই বিশ্বকাপ নিয়ে দারুণ খুশি এবং গর্বিত। এই ফল ইতিবাচক, কিন্তু আমরা আরও বেশি কিছু চেয়েছিলাম।’
ভোজিনহা এই সময় ভেনেজুয়েলার জনগণের প্রতিও সহমর্মিতা জানান, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য অনেক শক্তি ও সাহস কামনা করি। আমরা জানি আপনারা খুব কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, আশা করি আপনাদের এই জটিল পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি ও সামর্থ্য আছে।‘